মাঠের বাইরে বিতর্ক, মাঠে শিরোপার লড়াই। ম্যানচেস্টার সিটির সামনে এখন দুই চ্যালেঞ্জই। আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরও আপাতত নিজেদের লক্ষ্যে অবিচল ইংলিশ ক্লাবটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্লাবের নিজস্ব সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সিটির কোচ এনজো মারেসকা জানালেন, ক্লাবের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। বাইরের আলোচনা নিয়ে উদ্বিগ্ন নন। বরং মনোযোগ রাখতে চান শুধু ফুটবলে।
এনজো মারেসকা বলেন, ‘সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমি খুব শান্ত আছি। ক্লাব নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আমরা ক্লাবকে পুরোপুরি বিশ্বাস করি। চারপাশে কী আলোচনা হচ্ছে, তা বুঝতে পারছি। তবে আমাদের মনোযোগ শুধু ফুটবলে, যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি।’
আরও পড়ুন:
শুধু কোচ নন, খেলোয়াড়েরাও আছেন ফুরফুরে মেজাজে। চলতি প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতে শীর্ষে সিটি। এবার সামনে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে কঠিন পরীক্ষা। এরপর চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ।
মারেসকার বিশ্বাস, বাইরের বিতর্ক নয়, পারফরম্যান্সই এখন খেলোয়াড়দের মূল ভাবনা।
এনজো মারেসকা বলেন, ‘দলের পরিবেশ দারুণ। খেলোয়াড়েরা পরের দুটি ম্যাচের জন্য রোমাঞ্চিত। আমরা এখন লিগের শীর্ষে, সেটিই তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। তারা পেশাদার, বাইরের আলোচনা সম্পর্কে জানে। তবে সেদিকে খুব বেশি মনোযোগ দিচ্ছে না। আমাদের লক্ষ্য লিভারপুলকে হারানো এবং সমর্থকদের সঙ্গে নিয়ে অ্যানফিল্ডে জয় তুলে নেয়া।’
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি। রায়ে গুরুত্বপূর্ণ ভুল রয়েছে বলেও দাবি তাদের।





