আ.লীগ শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন | ছবি: এখন টিভি
0

আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা শিশু একাডেমি মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই ষড়যন্ত্র রুখে দিতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকতে হবে।’

সাবেক ক্ষমতাসীন দলের কঠোর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘স্বৈরাচারী সরকার বিগত ১৬ বছর ভারতের আশীর্বাদে ক্ষমতায় টিকে ছিলো। আওয়ামী শাসনের সেই সময়টিতেই দেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং সর্বাধিকসংখ্যক মন্দিরে হামলা চালানো হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে অপশক্তি যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ বাহিনী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতা-কর্মীসহ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেআর