একটি জার্সি, একটি দেশ আর কোটি ভালোবাসায়—বিদায় খুদে জাদুকর

ড্রোন শোতে মেসি
ড্রোন শোতে মেসি | ছবি: সংগৃহীত
0

একটি জার্সি, একটি দেশ আর কোটি মানুষের ভালোবাসা সবকিছু মিলিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় যেন এক মহাকাব্য। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই স্বপ্ন পূরণের পর এবার সত্যিই বিদায়ের পথে আর্জেন্টিনার সবচেয়ে বড় নায়ক। শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দাঁড়িয়ে মেসির কণ্ঠে ছিলো কৃতজ্ঞতা, গর্ব আর না-বলা অনেক আবেগ।

প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার জার্সির জন্য লড়েছেন। কঠিন সময় এসেছে, সমালোচনা এসেছে, ব্যর্থতাও এসেছে তবু থামেননি মেসি। তাই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে না পারার ভাবনাটাই তার কাছে ভীষণ কষ্টের।

‘আমার হাতে থাকলে সারাজীবন এখানেই থাকতাম’ বিদায়ের মুহূর্তে এমনই আবেগী মেসি। কারণ তার কাছে আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে সুন্দর কিছু নেই।

লিওনেল মেসি বলেন, ‘এ জার্সিটাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। ২০ বছর ধরে, সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যেও আমি কখনো লড়াই থামাইনি। সামনে এগিয়ে গেছি, নিজের সবটুকু দিয়েছি এবং সবসময়ই এখানে থাকতে চেয়েছি। এখানে আর না আসা, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আর না থাকা—এটা আমাকে ভীষণ কষ্ট দেবে।যদি আমার হাতে থাকত, আমি সারাজীবন এখানেই থাকতে চাইতাম। কারণ আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে সুন্দর কিছু নেই।’

২০২২ বিশ্বকাপ ছিলো শুধু মেসির স্বপ্ন নয়, পুরো আর্জেন্টিনার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে কোপা আমেরিকা, ফিনালিসিমা আর বিশ্বকাপ জাতীয় দলের হয়ে পাওয়া প্রতিটি অর্জনের জন্য সতীর্থদের কৃতিত্ব দিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপ নিয়েও জানালেন নিজের অনুভূতি।

আরও পড়ুন

মেসি বলেন, ‘২০২২ সালে আমাদের একটা স্বপ্ন ছিলো। শুধু আমার স্বপ্ন নয়, পুরো একটা দেশের স্বপ্ন-আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। এবং আমরা সেটা করতে পেরেছিলাম। আমরা বিশ্বকাপ জিতেছি, কোপা আমেরিকা জিতেছি, ফিনালিসিমা জিতেছি এই জাতীয় দলের সঙ্গে যা কিছু অনুভব করেছি, তার প্রতিটির জন্য আমি অবিশ্বাস্যরকম কৃতজ্ঞ।

‘ফাইনালে পৌঁছানোর সময় আমাদের ভেতরে খুব সামান্য শক্তিই অবশিষ্ট ছিল, তবুও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি-যেমনটা আমরা সবসময় করি। আমরা আবারও বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আর আমাদের নিয়ে যা কিছু বলা হয়েছিল, তার পরও অস্বাভাবিক কিছু ঘটেনি।’

মেসির চোখে, কঠিন সময়েই বোঝা যায় একটি দল কতটা শক্তিশালী। আর তার পাশে থাকা সতীর্থদের তিনি মনে করেন সেই যোদ্ধা, যারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে তাদের অবদান তাই আজীবন মনে রাখবেন তিনি।

কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন সমর্থকদের প্রতিও। বিশ্বের যেখানেই খেলেছেন, গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা আর সমর্থকদের উপস্থিতি তাকে ঘরের মাঠের অনুভূতি দিয়েছে। ভবিষ্যতেও জাতীয় দলের কঠিন সময়ে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আর সবশেষে তিনি বলেছেন সবার ভালোবাসায় সিক্ত তিনি ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।’ বিদায় নিচ্ছেন কৃতজ্ঞতা, গর্ব আর শান্তি নিয়ে। মেসির জন্য হয়তো জাতীয় দলের অধ্যায়ের শেষ, কিন্তু আর্জেন্টিনার সঙ্গে তার গল্প থাকবে চিরকাল।

জেআর