আজ (শুক্রবার, ২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি দল দেশে অরাজকতা তৈরি করতে চায়। উন্নয়ন কর্মকাণ্ডে বাঁধা দিতে চায়। সরকার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চায় জনগণকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের স্থান থাকবে না। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার যে উদ্যোগ নেয়া হয়েছে, আজকের এ আয়োজন তারই একটি প্রতিফলন।’
তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে বেকার যুবক-যুবতীদেরও সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা নিজেদের পরিবারকে সহযোগিতা করতে পারে এবং পরিবারও তাদের নিয়ে গর্ব করতে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা জনগণের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করবেন। জনগণের সুবিধা-অসুবিধা দেখার পাশাপাশি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি ও কর্মকর্তারা একযোগে কাজ করে বাংলাদেশকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে নারী-পুরুষ ও সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। সবার জন্য বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ-এই প্রত্যয়কে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।’
এর আগে বক্তব্যের শুরুতে মন্ত্রী জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, রেফারি ও সহকারী রেফারিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, ‘ময়মনসিংহ বিভাগের সন্তান হিসেবে তিনি গর্বিত।’ ময়মনসিংহের সংসদ সদস্যরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেছেন এবং খেলাধুলার মানোন্নয়নে তাদের আগ্রহ ও প্রচেষ্টা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ফাইনালে ধোবাউড়া উপজেলা দল ৪-৩ গোলে নান্দাইল উপজেলা দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া এবং রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
অনুষ্ঠানে ফাইনালের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা দেখতে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ছিলো দর্শকদের উপচেপড়া ভিড়। ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন উপজেলা থেকেও খেলা দেখতে আসেন দর্শকেরা। প্রিয় দলের সমর্থনে গলা ফাটিয়ে মাতিয়ে রাখেন স্টেডিয়াম। দুই দলের পক্ষে জাতীয় নারী দলের তহুরা, শামসুন্নাহার জুনিয়র, স্বপ্না আক্তার ঝিলি, সানজিদাসহ বর্তমান ও সাবেক ১০জন খেলোয়াড় অংশগ্রহণ করে।





