ইরান এখনই নতি স্বীকার করতে প্রস্তুত; বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুদ্ধে নতি স্বীকার করতে প্রস্তুত এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই এ যুদ্ধের অবসান ঘটবে। একই সময়ে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালু ও সাত দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত তেহরানের প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বার্তা বা প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। সিবিএসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেক্সাসের ডেন্টনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী খুব দ্রুতই ইরান যুদ্ধের অবসান ঘটাবে। তেহরানের সঙ্গে চুক্তি করা বা দেশটিতে আবার সামরিক হামলা জোরদার করা—উভয় বিকল্পই তিনি খোলা রাখছেন বলে জানান। অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাব বা প্রতিক্রিয়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করেছেন। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি মন্তব্য করেছেন, ট্রাম্প এমন এক চোরাবালিতে আটকা পড়েছেন যেখানে তিনি আলোচনা বা যুদ্ধ—কোনোটিরই স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারছেন না।

উত্তেজনার মধ্যেই দীর্ঘ ২৩ বছর পর গত বুধবার ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে সেখানে তাদের দীর্ঘদিনের সামরিক অভিযান সমাপ্তির কথা জানিয়েছে। এই সেনা প্রত্যাহারকে ঐতিহাসিক জয় হিসেবে উদযাপন করছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং তাদের সমর্থিত স্থানীয় শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো। তবে ইরাকে মার্কিন বাহিনীর অনুপস্থিতি তৈরি হওয়ায় সেখানে নতুন করে নিরাপত্তা শূন্যতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অনেক বিশেষজ্ঞ।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাতের আঁচ পড়েছে অর্থনৈতিক ও বিমান চলাচলের ক্ষেত্রেও। মার্কিন সরকারের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের রেল, মোটরযান এবং এ৭ নামের একটি শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের ওপর নতুন করে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। অন্যদিকে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছার ও ওমানি সহ-পাইলটের ককপিট সংঘাতের ঘটনার পেছনে ইরানের ইন্ধন থাকতে পারে বলে ট্রাম্প ইঙ্গিত দিলেও, তেহরান এটিকে ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে।

এএম