ফ্রিল্যান্সিং-এআই প্রশিক্ষণে দক্ষ যুবসমাজ গড়ার উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভোলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমিনুল হক
ভোলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমিনুল হক | ছবি: এখন টিভি
0

দেশের তরুণদের মেধা, প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘তরুণদের মাদক ও সংঘাত থেকে দূরে রেখে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যেও কাজ চলছে।’

আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের ৮ম ব্যাচ এবং ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর দীর্ঘদিনের একটি অস্থিতিশীল ও ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে। গণতান্ত্রিক চর্চা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের নেতারা সতর্ক রয়েছেন। অতীতে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেভাবে না করে বর্তমান সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে থেকে কাজ করার উপযোগী করে তোলার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়।’ এর জন্য জনগণের কাছে কিছুটা সময় চেয়ে তিনি বলেন, ‘জনগণের স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন:

তরুণদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যুবকরাই জাতির ভবিষ্যৎ। তাদের একটি সুস্থ পরিবেশ দেয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে যুব কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তরুণ, যুব উদ্যোক্তা ও সম্ভাবনাময় যুবকদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে।’

আমিনুল হক বলেন, ‘তরুণদের এমনভাবে প্রশিক্ষিত করা হচ্ছে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারেন এবং নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানে সহযোগিতা করতে পারেন।’

বায়োগ্যাস নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘গবাদিপশু ও অন্যান্য প্রাণির বর্জ্য কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি উৎপাদনের জন্য দেশের বিভিন্ন এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহ দেয়া হচ্ছে।’

তার দাবি, এরই মধ্যে সারা দেশে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় ভবিষ্যতে এসব প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

খেলাধুলার প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ নিয়েছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার সুযোগ তৈরি এবং খেলাধুলাকে পেশা হিসেবে নেয়ার পরিবেশ তৈরির চেষ্টা চলছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন ক্লাব গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। এসব ক্লাবকে কেন্দ্র করে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়ানোর মাধ্যমে একটি সুন্দর ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, ভোলার পুরাতন যুগীরঘোলে অবস্থীত বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের ভোলা জেলা প্রধান কার্যালয় উদ্বোধন করেন এবং ইলিশায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেন।

এসএইচ