ক্রমেই যেন নিচের দিকে নামছে বাংলাদেশের নারী ক্রিকেট। কাগজে কলমে এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে সেমিফাইনাল পর্যন্ত গেলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তোষ ক্রিকেট বোর্ডে। বিসিবি থেকে নারী ক্রিকেটের কোচিং প্যানেলে পরিবর্তনের আভাস দেয়া হয়েছিল আগেই। হয়েছেও তা। আগামী মাসের শুরুতেই হেডকোচ সরোয়ার ইমরানকে সরিয়ে দিচ্ছে বিসিবি। তার জায়গায় জ্যোতি-নাহিদাদের কোচ হচ্ছেন ডেভিড হেম্প।
বারমুডার সাবেক ব্যাটার ডেভিড হেম্প বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ। গত বছরই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন। যুক্ত ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গেও। এবার যোগ দেবেন নারী দলের হেডকোচ হিসেবে। একইসঙ্গে নাসিরউদ্দিন ফারুকের রেখে যাওয়া ব্যাটিং কোচের দায়িত্বও সামাল দেবেন হেম্প। বিসিবির নারী বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে নারী ক্রিকেটের অধিনায়ক পরিবর্তন নিয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে। এশিয়ান গেমসের মাঝপথেই টি-২০এর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নিগার সুলতানা জ্যোতি। সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির নারী উইংয়ের সংশ্লিষ্টরা। বোর্ডের ভেতরে এখনো অনেকেই জ্যোতিকে অধিনায়ক রাখার পক্ষে অবস্থান নেয়ায় আলোচনার পথ বন্ধ হয়নি।
সবকিছু ঠিক থাকলে একেবারেই নতুন এক পরিবেশে ৩ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের বিমান ধরবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।





