হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’; ছবি শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করেন ট্রাম্প
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করেন ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ছবি পোস্ট করেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমন এক সময়ে ট্রাম্প এই পোস্টটি করলেন, যখন হোয়াইট হাউস সূত্রে জানা গেছে যে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। অবশ্য এর আগে শুক্রবার জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া ও জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি ‘সাত দিনের নির্দিষ্ট পরিকল্পনা’ দেয়া হয়েছিল।

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি তার সহযোগীদের বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার বোমাবর্ষণ শুরু হতে পারে।

আরও পড়ুন:

এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দান শেষে নিউ ইয়র্ক থেকে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরকালে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কড়াকড়ির কারণে ইরাকের বিমানবন্দরগুলোতে ইরানি ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিশেষ করে শিয়া পুণ্যার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া ফ্লাইটগুলোর জন্য মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে ইরাক সরকার।

পাশাপাশি, সৌদি আরব দাবি করেছে যে তারা রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের ছোড়া একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এএম