তালাক দেয়ায় ক্ষুব্ধ, শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের নাগরপুরে স্বামীকে তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিলুফা আক্তার মিলু (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজ গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে ধুবড়িয়া গ্রামের দহর পাচুরিয়া এলাকার হযরত আলীর সঙ্গে পার্শ্ববর্তী বাদে কাকনা গ্রামের নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে এক সপ্তাহ আগে নিলুফা হযরতকে তালাক দেন।

নিলুফার পরিবারের অভিযোগ, তালাকের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে বুধবার রাত ৮টার দিকে ধারালো অস্ত্র নিয়ে শ্বশুরবাড়িতে যান হযরত। সেখানে স্ত্রী নিলুফাকে দেখতে পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় নিলুফার মা চেনবানু এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে হযরত নিজের হাতে থাকা ছুরি দিয়ে পেটে ও গলায় আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হযরত ও চেনবানুকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হযরত পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিলুফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত হযরত পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।’

এসএইচ