দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর পোল্ডার প্রকল্পের কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: এখন টিভি
0

দেশের স্বার্থ ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাফ নদী বরাবর পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্পের কাজ নতুনভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নাফ নদী বরাবর পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্পের সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারগুলোর (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)’ এর আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

মতবিনিময় সভায় পানিসম্পদমন্ত্রী বলেন, ‘সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্পের সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেয়া হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী সুফল পাওয়া যায়নি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।’

তিনি বলেন ‘জনস্বার্থে এখন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত সরকার হিসেবে জনগণের প্রতি দায়িত্ব রয়েছে। প্রকল্পটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে বসে থাকলে চলবে না, প্রকল্পটি শেষ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থ ও জনস্বার্থকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনগণের প্রয়োজনীয় সুবিধাগুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ নতুনভাবে শুরু করা হবে। এজন্য কিছুটা সময় লাগতে পারে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ করেই পরবর্তী কার্যক্রম নেয়া হবে।’

কৃষি, মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন পানিসম্পদমন্ত্রী। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়েই প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

পরে পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বেড়িবাঁধের বর্তমান অবস্থা, ভাঙন ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন।

এসএস