টানা ব্যাটিং ব্যর্থতার পর নারী দল নিয়ে নতুন করে ভাবছে বিসিবি

অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা
অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা | ছবি: এখন টিভি
0

এশিয়ান গেমস শেষেই নারী দলের কোচিং প্যানেলে আসতে যাচ্ছে পরিবর্তন। ধারাবাহিক ব্যর্থতায় ব্যাটিং বিভাগ নিয়েও নতুন করে ভাবছে বিসিবি। সামনে ব্যস্ত সূচির আগে নতুন করে দল গোছাতে চায় বোর্ড।

চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে ভারতের কাছে হেরে থামে বাংলাদেশের যাত্রা। এর আগে এশিয়া কাপেও দেখা গেছে অভিন্ন চিত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশ করেছে টাইগ্রেসরা। আর প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের হারের বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা।

বারবার ব্যর্থতার জেরে বাংলাদেশের ব্যাটিং ইউনিট নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। এশিয়ান গেমস শেষেই দলের কোচিং প্যানেলে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। ব্যাটিংয়ের পাশাপাশি বদল আসতে পারে হেড কোচ পদেও।

বিসিবির উইমেন উইং চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের এখন নতুন একজন ব্যাটিং কোচও দরকার। কারণ, আমরা একজনকে দিয়ে তো অনেক দিন দেখলাম। আমাদের উইমেন ক্রিকেট এত বেশি খেলা আছে সারা বছর, আমাদের মেয়েদেরও কিন্তু বিজি শিডিউল।’

শুধু কোচিং প্যানেল নয়, দলের ব্যাটাররাও আসতে যাচ্ছেন বিসিবির আতশকাঁচের নীচে। বোলাররা মোটামুটি ধারাবাহিক হলেও ব্যাটাররা কেন সাফল্য পাচ্ছেন না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত বিসিবির।

তিনি বলেন, ‘কিছুদিন আগেও ভালো খেলত, হঠাৎ করে তাদের ছন্দপতন ঘটেছে। আসলে আমাদের ব্যাটিংয়ে যেভাবে টি-টোয়েন্টিতে খেলার কথা, সেভাবে কিন্তু তারা খেলতে পারছে না।’

এদিকে দলের টানা ব্যর্থতার জেরে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যোতি। তার এমন সিদ্ধান্তের পেছনেও আছে ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা ও উন্নতির তাগিদ। এদিকে নতুন কাউকে নেতৃত্বের ভার তুলে দেওয়ার আগে কিছুটা সময় চায় বিসিবি।

তিনি আরও বলেন, ‘জ্যোতি সে কিন্তু টি-টোয়েন্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। গেমসের পর সে আর টি-টোয়েন্টি ক্যাপ্টেনসি করবে না, বাট ফিফটি ওভারস ম্যাচগুলিতে করবে। তো এটার বিষয়ে আমরা আসার পরে, এখনও বলছি আসার পরে সিদ্ধান্ত নিব যে পরবর্তী ক্যাপ্টেন কে হবে।’

সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেও সবশেষ সভায় নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। পুরুষ ক্রিকেটারদের সঙ্গে আর্থিক ব্যবধান কমিয়ে আনতেই এমন ভাবনা ক্রিকেট বোর্ডের।

এফএস