মধ্যপ্রাচ্য সংকট: হুথিদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইরানকে আহ্বান জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের

ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর সদস্যরা
ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর সদস্যরা | ছবি: এএফপি
0

সৌদি আরবে ইয়েমেনের হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীকে অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান ও বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে গতকাল সোমবার জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ কথা জানান। যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরব এবং আশপাশের অঞ্চলে হুথিদের ক্রমাগত হামলার কঠোর সমালোচনা করেন।

বিবৃতিতে হুথিদের প্রতি অবিলম্বে সব সামরিক তৎপরতা এবং বেসামরিক জাহাজ লক্ষ্য করে হুমকি ও আক্রমণ বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে গোষ্ঠীটিকে সদিচ্ছার সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার তাগিদ দেন জোটের প্রতিনিধিরা।

পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানান। তারা বলেন, তেহরানের এই সমর্থন আঞ্চলিক সংঘাতকে বিপজ্জনকভাবে বাড়িয়ে দিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইরান-সমর্থিত হুথি ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে যুদ্ধবিরতির পর অঞ্চলে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে সম্প্রতি সৌদি আরবে হুথিদের নতুন করে হামলা শুরুর পর অঞ্চলটিতে ফের তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

এএম