সিঙ্গাপুরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ওয়েমো

ওয়োমো গাড়ি
ওয়োমো গাড়ি | ছবি: সংগৃহীত
0

এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুরে নিজেদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে স্বয়ংক্রিয় গাড়ি রাইডিং পরিষেবা প্রতিষ্ঠান ওয়েমো। এর মাধ্যমে এশিয়ায় এবং সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের বাইরের অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেটের।

আগামী কয়েক মাসের মধ্যে সিঙ্গাপুরে তাদের প্রথম ‘জাগুয়ার আই-পেস’ গাড়িগুলো পৌঁছাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। এসব গাড়ি ভবিষ্যতে সার্বিকভাবে কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে কাজ করবে।

২০২৭ সাল জুড়ে ওয়েমোর বিশেষজ্ঞরা সিঙ্গাপুরের রাস্তাগুলোর ম্যাপ বা নকশা তৈরির জন্য সেখানে ম্যানুয়ালি বা চালকের মাধ্যমে গাড়িগুলো চালাবেন। পাশাপাশি দেশটির রাস্তার জ্যামিতি ও আবহাওয়ার ধরণকে মানিয়ে নিতে নিজেদের সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন আনবে প্রতিষ্ঠানটি।

ওয়েমো আশা করছে, ২০২৮ সাল থেকে নিজেদের অ্যাপের মাধ্যমে সিঙ্গাপুরের সাধারণ মানুষের জন্য রাইড সেবা চালু করা সম্ভব হবে।

এর আগে ২০২৫ সালে জাপানের বিশাল মেট্রোপলিটন শহর টোকিওতে চালকবিহীন গাড়ির পরীক্ষা শুরু করে কোম্পানিটি, যা ছিল যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্রথম আন্তর্জাতিক অবস্থান।

মাত্র কয়েক দিন আগে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৭ সালের মধ্যেই টোকিওতে বাণিজ্যিকভাবে এ যানবাহন সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে তারা। সেখানে ব্যবহারকারীরা ওয়েমোর নিজস্ব অ্যাপের পাশাপাশি বহুল ব্যবহৃত ‘গো ট্যাক্সি’ অ্যাপের মাধ্যমেও ওয়েমোর রাইড নিতে পারবেন।

ওয়েমো আশা করছে, মানুষ গন্তব্যের একদম প্রথম ও শেষ অংশের যোগাযোগের জন্য তাদের যানবাহন ব্যবহার করবে। বিশেষ করে যারা সাবওয়ে বা পাতাল রেল স্টেশনের কাছাকাছি থাকেন না, কিংবা পরবর্তী ট্রেনটি ধরার জন্য দ্রুত স্টেশনে পৌঁছাতে চান, তাদের জন্য এ রাইড সেবা অত্যন্ত উপকারী হতে পারে।

এএম