ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রথম স্কোয়াডে ৫ নতুন মুখ

সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান
সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান | ছবি: সংগৃহীত
0

ফ্রান্সের কোচ হিসেবে প্রথম স্কোয়াড ঘোষণা করে পাঁচ নতুন মুখকে জাতীয় দলে সুযোগ দিয়েছেন কিংবদন্তি কোচ জিনেদিন জিদান। ফরাসি ফুটবলে শুরু হয়েছে নতুন যুগ। আর সেই যুগের প্রথম পদক্ষেপেই তারুণ্যের ওপর আস্থা রাখলেন জিনেদিন জিদান। একই সঙ্গে বেনজেমা-কান্তের মতো অভিজ্ঞদের নিয়েও দিয়েছেন বড় বার্তা।

ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথম স্কোয়াডেই দেখা মিললো জিদানের ভাবনার প্রতিফলন। উয়েফা নেশনস লিগ সামনে রেখে ফ্রান্স দলে ডাক পেয়েছেন পাঁচ নতুন মুখ।

রেনের স্ট্রাইকার এস্তেবান লেপোল, লিভারপুলের ডিফেন্ডার জেরেমি জাকুয়ে, কোমোর মিডফিল্ডার লুকাস দা কুনহা, ইন্টার মিলানের আন্দি দিউফ এবং তুলুজের গোলরক্ষক গুইলাম রেস্তেস প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা।

নতুনদের মধ্যে আলাদা করে নজরে জেরেমি জাকুয়ে। রেনে থেকে প্রায় ৭ কোটি ইউরোতে লিভারপুলে যোগ দেওয়ার পর নতুন ক্লাবেও দারুণ শুরু করেছেন ২১ বছরের এই ডিফেন্ডার। আর এস্তেবান লেপোল গত মৌসুমে রেনের হয়ে করেছেন ২০ গোল। চলতি মৌসুমেও চার ম্যাচে তার গোল তিনটি।

আরও পড়ুন:

ইন্টার মিলানের মিডফিল্ডার আন্দি দিউফকে অবশ্য ভিন্ন ভূমিকায় দেখতে চান জিদান। ফ্রান্সের জার্সিতে তাকে লেফট-ব্যাক হিসেবে খেলানোর পরিকল্পনা কোচের। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ফুলব্যাক আদ্রিয়েন ত্রুফের্তও।

তবে তরুণদের জায়গা করে দিতে গিয়ে অভিজ্ঞদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন জিদান। ৩৮ বছর বয়সী করিম বেনজেমা ও ৩৫ বছরের এনগোলো কান্তেকে আপাতত পরিকল্পনার বাইরে রেখেছেন তিনি। জিদানের বার্তা এখন সময় তরুণদের সুযোগ দেয়ার।

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগ অভিযান শুরু করবে ফ্রান্স। এরপর বেলজিয়াম ও ইতালির বিপক্ষে ম্যাচ। জার্মানির মতো ৪৪ জনের বিশাল স্কোয়াড নয়, ২৩ সদস্যের দল নিয়েই নতুন যাত্রা শুরু করেছেন জিদান।

এসএইচ