ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

Elementary school in Minab
Elementary school in Minab | ছবি: আল জাজিরা
0

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় প্রাণহানির ঘটনায় আনা যুদ্ধাপরাধের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের ওই প্রতিবেদনকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন।

জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন তাদের প্রতিবেদনে জানিয়েছিল, মিনাবের শাজারাহ তাইয়্যেবাহ স্কুলে মার্কিন হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মানবাধিকার পরিষদ তাদের নিজস্ব মূল্যবোধ রক্ষায় ব্যর্থ হওয়ায় এবং যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের কারণে ট্রাম্প প্রশাসন পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ফলে এই প্রতিবেদনের ফলাফলের কোনো গ্রহণযোগ্যতা তাদের কাছে নেই। বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দেয় বলেও দাবি করেন তিনি।

এদিকে জাতিসংঘ মিশন তাদের প্রতিবেদনে বলেছিল, স্কুলটিতে হামলা কেবল অবহেলা নয়, বরং বেসামরিক স্থাপনার ঝুঁকি জেনেও মার্কিন বাহিনী বেপরোয়া আচরণ করেছে। তদন্তের স্বার্থে তারা যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ও বৈঠকের অনুরোধ জানালেও ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

চলমান এই সংঘাতকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাদশাহ ফাহাদ বিমানঘাঁটিতে এক হামলায় ইতালির একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো। এই বিমানঘাঁটিতে ইসলামিক স্টেটবিরোধী অভিযানে যুক্ত ইতালীয় সেনারা অবস্থান করছেন।

এ ছাড়া হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি গোলার আঘাতে জ্বালানিবাহী একটি ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও)। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে এবং জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মায়ুং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধে কোনোভাবেই সেনা পাঠাবে না সিউল। যুদ্ধের বাইরে থাকার নীতিতেই অবিচল থাকবে তার দেশ। এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ শীর্ষ প্রতিনিধিরা আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারছেন না।

এবিসির নিউজ প্রতিবেদনের অবলম্বনে

এএম