আগামী সপ্তাহে যুদ্ধ শেষের দাবি ট্রাম্পের; আস্থা নেই ইরানের

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের পথে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন তিনি। অন্যদিকে ইরান বলছে, ওয়াশিংটনের ওপর বিন্দুমাত্র আস্থা নেই তাদের। দুই দেশকে সমঝোতা স্মারকে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন। এদিকে, লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি করেছে হুতি গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাসে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা বাড়ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। বৃহত্তর শান্তি চুক্তির পথ তৈরির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেয়ার বিষয়ে একটি চুক্তির পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন হয়নি। সময়ের সঙ্গে সংঘাত আরও দীর্ঘ হয়েছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন ট্রাম্প। তবে যুদ্ধ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ একেবারে শেষ পর্যায়ে। ইরান চুক্তিতে আসার আগ্রহ দেখিয়েছে বলেও দাবি ট্রাম্পের।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, তেহরানের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। কারণ ওয়াশিংটনের ওপর বিন্দুমাত্র আস্থা নেই তাদের। এছাড়া, হরমুজ প্রণালিকে শত্রুমুক্ত করতে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন, দেশটির পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযত হয়ে আগের সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন। বেইজিং সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, চীন চায় না আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগরে আরও ছড়িয়ে পড়ুক।

এদিকে, সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান সংঘাতে হুমকির মুখে পড়েছে বাব আল মান্দেব প্রণালিও। সাম্প্রতিক সংঘাতে লোহিত সাগর উপকূল বরাবর বেশকিছু অঞ্চল নিজেদের দখলে নিয়েছে হুতিরা। এদিকে, সৌদির একটি এফ-ফিফটিন যুদ্ধ বিমান ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে হুতির সামরিক শাখা।

এমন অবস্থায় সৌদি আরব যদি আগ্রাসনে জড়ানোর চেষ্টা করে তাহলে তাদের সমস্ত তেল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন হুতিদের সর্বোচ্চ শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি।

এছাড়া, হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারা দাবি করেছেন, সৌদি আরবে খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাতে হামলা চালানো হয়েছে।

সামরিক পদক্ষেপ নয় আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

চলমান সংঘাত থেকে প্রাণ বাঁচাতে সমুদ্র পাড়ি দিয়ে ইয়েমেনের সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে জিবুতিতে। এরইমধ্যে ইয়েমেনে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা। অনেক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়েছে।

ইএ