ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্যমন্ত্রী
অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্যমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) ঢাকায় মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন:

পর্যবেক্ষণকালে কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পাশাপাশি, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে। এখন থেকে তিনি নিজ কার্যালয় থেকেই নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন।’

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।

এসএস