বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও অব্যাহত পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুতে চার ইঞ্চি পানি ওঠে। এ অবস্থায় ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য পর্যটনের ঝুলন্ত সেতু দিয়ে পারাপার বন্ধ রাখা হয়েছে। পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে বলে জানান তিনি
চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশে যাওয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে হ্রদের পানি বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়।
এদিকে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো বাঁধের জলকপাট খোলা হলো। শুক্রবার সকালে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল পৌঁছালে জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করা হয়েছিল।—বাসস





