পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২

হাসপাতালে নিহতের স্বজনদের ভিড়
হাসপাতালে নিহতের স্বজনদের ভিড় | ছবি: এখন টিভি
0

পটুয়াখালী কুয়াকাটা সড়কে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. শাকিল (২১) নামের এক রোগির মৃত্যু হয়েছে। বিষপানে আক্রান্ত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামের আরও দু’জন।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর পায়রা পেট্রোল পাম্প চত্তরে এ ঘটনা ঘটে। নিহত শাকিল আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।

শাকিলের মা হোসনেয়ারা বেগম জানান, শাকিল অভিমান করে বিষপান করায় তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হচ্ছিলো। অ্যাম্বুলেন্সে তার মা, চাচিসহ মোট ছয়জন ছিলেন।

আরও পড়ুন:

পায়রা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘চিকিৎসার জন্য আমখোলা থেকে শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হচ্ছিলো। পথে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।’

এসএইচ