আ.লীগ মাফিয়া গ‍্যাং, রাজনীতি করতে দেয়া উচিৎ নয়: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান | ছবি: সংগৃহীত
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যখন চলছে পুনর্গঠনের আলোচনা, তখন দলটিকে বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ‍্যাং। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিৎ হবে না।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরও সেই নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে।

‘ফ্যাসিবাদী’ দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে জুলাই আন্দোলনকারীদের দাবি। তাদের দাবির মুখেই ২০২৫ সালে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।

তবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনের বৈধতার প্রশ্নে গতকালই হাইকোর্টে একটি রিট আবেদন হয়।

পাশাপাশি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের পর শুরু হয় দলটি পুনর্গঠনের আলোচনা।

তার মধ্যেই আওয়ামী লীগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

জেআর