তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হোদেইদাহর দক্ষিণাঞ্চলের হাইস জেলাটি তাদের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এলাকাটি হোদেইদাহ, তায়েজ ও ইব্ব প্রদেশকে সংযুক্ত করেছে।
প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি বলেছেন, দেশের ভূখণ্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী পুরোপুরি সক্ষম। তিনি সতর্ক করে বলেন, হুথিদের যেকোনো ভুল পদক্ষেপ তাদের বিপর্যয় ডেকে আনবে এবং এর পরিণতির দায় তাদেরই নিতে হবে।
ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের উপ-আন্ডারসেক্রেটারি ফাইয়াদ আলনোমান জানান, পার্শ্ববর্তী আল-জারাহি জেলায় লড়াইয়ের সময় কয়েক ডজন হুথি যোদ্ধাকে বন্দি করা হয়েছে। সেখানে সরকারি বাহিনী পাল্টা অভিযান চালাচ্ছে। ড্রোন হামলার সহায়তায় স্থলবাহিনী বিদ্রোহীদের শক্ত অবস্থান লক্ষ্য করে আঘাত হানছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার তায়েজে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের সদস্য ও বেসামরিক মানুষসহ ৬০ জনের বেশি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, তায়েজ-এডেন সড়কে বেসামরিক মানুষের ওপর হুথিদের কামানের গোলায় চারজন নিহত ও নয়জন আহত হন।
এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গত দুই দিনে তায়েজে সংঘাত ছড়িয়ে পড়ায় প্রায় ১ হাজার ৮০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে বাব-এল-মান্দেব প্রণালির দিকে হুথিদের যেকোনো অগ্রযাত্রার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন সরকার।





