সৈন্যদের অবস্থান শনাক্তের ঝুঁকি: সামরিক ডিভাইসে অ্যাড ট্র্যাকার বন্ধ করলো যুক্তরাষ্ট্র

এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান
এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীর অবস্থান শনাক্তে বিজ্ঞাপনের তথ্য ব্যবহারের খবরের পর বিভিন্ন সামরিক ডিভাইস ও মুঠোফোনে বিজ্ঞাপন ট্র্যাকার নিষ্ক্রিয় করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সিনেটর রন ওয়াইডেনের প্রকাশ করা বিভিন্ন বাহিনীর চিঠি এবং বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সিনেটর ওয়াইডেনকে পাঠানো চিঠিতে বিমানবাহিনী জানিয়েছে, তারা দুই মাস আগে কম্পিউটার ও মুঠোফোনে বিজ্ঞাপনের পরিচিতি নম্বর (অ্যাডভার্টাইজিং আইডেন্টিফায়ার) বন্ধ করে দিয়েছে। স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, তারা সম্প্রতি তাদের উইন্ডোজ ডিভাইসে ট্র্যাকার নিষ্ক্রিয় করেছে। সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরুর দিক থেকেই মুঠোফোনে এই সুবিধা বন্ধ রাখা হয়েছে। তবে নৌবাহিনী কোনো মন্তব্য করেনি।

বাণিজ্যিকভাবে সংগৃহীত ব্যবহারকারীর অবস্থান সংক্রান্ত তথ্য মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বেশ কয়েক মাস ধরেই পেন্টাগনের ওপর চাপ তৈরি করছিলেন আইনপ্রণেতারা।

শুক্রবার সিনেটর রন ওয়াইডেন এবং প্রতিনিধি পরিষদের সদস্য প্যাট হ্যারিগান পেন্টাগনে চিঠি পাঠিয়ে এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। হ্যারিগান বলেন, ‘আমাদের প্রতিপক্ষরা যেন ক্রেডিট কার্ড ব্যবহার করে এমন কোনো তথ্য কিনতে না পারে, যা আমেরিকান সেনাদের ওপর নজরদারি চালাতে সহায়তা করবে।’

ডিজিটাল বিজ্ঞাপনে ব্যবহৃত মোবাইল বিজ্ঞাপন আইডিগুলোর (এমএআইডি) মাধ্যমে মূলত বিভিন্ন অ্যাপ ব্যবহারে নজরদারি এবং ব্যবহারকারীর প্রকৃত অবস্থান শনাক্ত করা সম্ভব। নিরাপত্তা গবেষকদের মতে, ডিভাইসগুলোতে ট্র্যাকার বন্ধ করার সিদ্ধান্ত ইতিবাচক হলেও জটিল নেটওয়ার্ক বিশ্লেষণের মাধ্যমে সামরিক কর্মীদের অবস্থান শনাক্তের ঝুঁকি এখনো পুরোপুরি দূর হয়নি।

এএম