ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।
কারওয়ান বাজারে প্রতি পিস লাউ গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। কেজিতে ৪ টাকা কমে পেঁপে বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ টাকা কেজিতে, আর ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। তবে, বাড়তি রয়েছে মিষ্টি কুমড়ো ও বেগুনের দাম। আর কেজিতে ২০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৭০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির কোনো কমতি নেই, কিন্তু সেই তুলনায় বিক্রি অনেক কম।
ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত সবজির সরবারহ রয়েছে। তবে ক্রেতা তেমন নেই। কারেন্ট নেই, গ্যাস নেই তাই ক্রেতাদের চাহিদা নেই বলে দাবি করছেন ব্যাবসায়ীরা।
আর ক্রেতারা বলছেন, গ্যাস সংকট থাকায় তুলনামূলক কম সবজি কিনতে হচ্ছে।
ক্রেতারা জানান, তাদের গ্যাস সংকটের ফলে বাসায় রান্না হচ্ছে না। তাই আগের মতো বাজার করতে আসছেন না তারা।
এদিকে, মাছের বাজার চড়া। গত সপ্তাহের তুলনায় রুই,কই,শিং সহ নদীর মাছ কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ইলিশের দাম স্বাভাবিক থাকলেও চাষের চিংড়ির দাম কমেছে।
ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের নাগালের ভেতরেই আছে মাছের দাম।
মুরগির বাজার স্বাভাবিক থাকলেও বাজারে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা।





