পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু | ছবি: সংগৃহীত
0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে। তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধুধু বালুচর। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষ সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিস্তা ইস্যু নিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, বর্তমান প্রধানমন্ত্রীর সুদূর লন্ডন থেকে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি যদি ম্যান্ডেট পায়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ কাজটা অনেক দুর এগিয়েছে, নকশা তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।’

মন্ত্রী এসময় আরও বলেন, ‘যমুনার চরাঞ্চলে বন্যায় মানুষ অসহায় হয়ে পড়ে। তাদের জীবন ও প্রাণী নিয়ে তারা বিপাকে পড়ে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে। যাতে গবাদিপশু ও মানুষ আশ্রয় নিতে পারে।’

এসময় উপস্থিত ছিলেন— সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ অনেকে।

জেআর