তিন মাসের মধ্যে নির্বাচন দেয়ার শর্তে দেশের ২৭ ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি দেয়া হলেও, সময়মতো হচ্ছে না নির্বাচন। এ নিয়ে 'এখন টেলিভিশনে' খবর প্রকাশের পর নড়েচড়ে বসে জাতীয় ক্রীড়া পরিষদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজরে আসার পর সমালোচনা সইতে হয়েছে কমিটিগুলোকে। উপদেষ্টা কমিটির সভায় দ্রুততম সময়ে ক্রীড়াঙ্গনে নির্বাচনী পরিবেশ ফেরাতে জোর দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
নির্বাচন দেরির প্রশ্নে শুরু থেকেই অভিযোগ ছিল জেলা ও বিভাগীয় কমিটির দিকে। স্থবিরতা কাটাতে সেখানেই প্রথম নজর উপদেষ্টা কমিটির।
জাতীয় ক্রীড়া পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, প্রত্যেকটা জেলা বিভাগে বিভিন্ন বহুমুখী সমস্যা রয়েছে। এই সমস্যা নিরসনে আমরা কাজ করছি এবং এই সমস্যার মধ্যে থেকেই জেলাকে কেন্দ্র করে বিভাগে একটি নির্বাচিত কমিটি হবে। আপনারা জানেন যে অ্যাডহক কমিটি থেকে শুধুমাত্র সদস্য প্রেরণ করলে সেটা অ্যাক্টিভ প্রতিনিধিত্ব অ্যাডহক কমিটি থাকে না, একসময় থাকবে না।
জেলা ও বিভাগের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে ৮টি আলাদা দল কাজ করবেন বলে জানান উপদেষ্টা কমিটির সদস্য সচিব।
আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, সংবিধানের মধ্য থেকেই আমরা নির্বাচনগুলি সম্পন্ন করার জন্য প্রত্যেকটা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে আমরা নির্দেশনা দিয়েছি এবং সেটা মনিটরিংয়ের জন্যই আমাদের এই আটটি কমিটি, আমরা আটটা বিভাগে বসব। মেজর কোনো ত্রুটি কোথাও আছে বলে আমরা মনে করি না।
এদিকে দুর্বল গঠনতন্ত্রের সুবাদে ফেডারেশনগুলোতে শুরু হয়েছে স্থবিরতা। সরকারের নজর স্থায়ী পরিবর্তনের দিকে।
আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, যেকোনো সময় ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধন করতে হলে ফেডারেশনের সাধারণ পরিষদের কাছে প্রস্তাব চাইতে হবে। সেই প্রস্তাবগুলি একত্র করে সেটা সংশোধন করে সেটা এজিএম, ফেডারেশনগুলি এজিএম, ইজিএমে গেলে না সংশোধন হবে। আদারওয়াইজ কিন্তু আমি চাইলেই বা মন্ত্রী মহোদয় চাইলেই যেকোনো ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধন করতে পারবে না। আমরা যে এই যে সাতটি কমিটি আছে, এই কমিটির মধ্যেই আমরা গঠন বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র চাইব বা তাদের কোনো সুপারিশ আছে কিনা আমরা এগুলি চাইব। এগুলি আমরা একটা সুপারিশ প্রণয়ন করে এগুলি আমরা সরকারের কাছে প্রণয়ন করবো।
তবে, এতসব আয়োজন শেষে নির্বাচন ঠিক কবে হবে ফেডারেশন পাড়ায়, সেই সদুত্তর নেই ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ এই উপদেষ্টাদের কাছে।





