এর আগে গতকাল (সোমবার, ৩১ আগস্ট) রাতে তালতলী উপজেলার ফকিরহাট বাজার এলাকার একটি বসতঘরে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বন্যপ্রাণী রক্ষায় কাজ করা সংগঠন এএলপির হটলাইন নম্বরে যোগাযোগ করেন।
খবর পেয়ে সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক কাওসার (হৃদয়) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এএলপি সূত্র জানায়, বরগুনা জেলায় বড় কৃষ্ণকালাচ সাপ উদ্ধারের এটিই প্রথম ঘটনা। এমনকি পুরো বরিশাল বিভাগেও এ প্রজাতির সাপের উপস্থিতি অত্যন্ত বিরল। এর আগে কেবল পিরোজপুর জেলায় এ জাতীয় সাপ পাওয়ার তথ্য রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুন:
সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বড় কৃষ্ণকালাচ মূলত প্রাণঘাতী বিষধর ও নিশাচর প্রাণী। দিনে নিস্তেজ থাকলেও রাতে খাবারের সন্ধানে এরা বেশ সক্রিয় হয়ে ওঠে। এদের মূল খাদ্য তালিকা জুড়ে রয়েছে অন্যান্য ছোট আকারের সাপ।
তিনি বলেন, ‘সাপ দেখলে আতঙ্কিত হয়ে বা পিটিয়ে না মেরে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেয়া উচিত। এতে একদিকে যেমন মানুষের জীবন সুরক্ষিত থাকে, অন্যদিকে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীকেও বাঁচানো সম্ভব হয়।’
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি) পটুয়াখালীসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার, অবমুক্তকরণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতামূলক কাজ করে আসছে।





