শিক্ষায় বাজেটের ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

শিক্ষায় সরকারের বিনিয়োগ বাড়িয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘বর্তমানে জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান।’

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। ভালো ফলাফলের জন্য জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে এক হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে সাইকেল দেয়ার উদ্যোগও নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

এহসানুল হক মিলন বলেন, ‘শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার অংশ হিসেবে ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে একসঙ্গে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল।’ সে সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ওই সরকারের সঙ্গে কাজ করেছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। আর দক্ষ মানবসম্পদ তৈরির প্রধান ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। এ কারণে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে।’

প্রতি বছর ১ সেপ্টেম্বর কুয়েট দিবস বা বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। ২০০৩ সালের এই দিনে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) থেকে পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, প্রদর্শনী, বিভিন্ন বিভাগের প্রজেক্ট উপস্থাপন, ল্যাব উন্মুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএস