তিনি বলেন, ‘সরকার কাজ করলেও সমালোচনা হবে, আবার কাজ না করলেও সমালোচনা হবে। তাই সব ধরনের সমালোচনাকে সামনে রেখে জনগণের ভাগ্য উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।’
আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বান্দরবানে সফর উপলক্ষে সাচিং প্রু জেরীকে এ গণসংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বান্দরবান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন:
এর আগে, বান্দরবানে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলে তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সাচিং প্রু জেরী বলেন, ‘পার্বত্য অঞ্চল শুধু একটি বিশেষ ভৌগোলিক এলাকা নয়; এটি সম্ভাবনাময় একটি অঞ্চল। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’





