নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ; জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড

পুলিশি হেফাজতে আসামিরা
পুলিশি হেফাজতে আসামিরা | ছবি: এখন টিভি
0

জামালপুর সদরের রশিদপুরে বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক ও মো. আনু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার দীর্ঘ শুনানিতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। জরিমানার এক লাখ টাকা করে ভুক্তভোগীকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

এসএইচ