সম্মিলিত চেষ্টায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে: স্টিভেন রড্রিগেস

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস | ছবি: সংগৃহীত
0

সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। আজ (সোমবার, ৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্টিভেন রড্রিগেস বলেন, ‘শুধু নির্বাচন কমিশন বা সরকার নয়, সুশীল সমাজ, সাধারণ মানুষসহ সবার সম্মিলিত চেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে।’

এর আগে সিইসি, নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের মধ্যে ‘আন্তরিক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানান স্টিভেন রড্রিগেস।

চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সফলতার জন্য সিইসিকে অভিনন্দন জানান রড্রিগেস। তিনি বলেন, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ নির্বাচন দেশের ভবিষ্যতের পথ তৈরি করেছে।’

নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপির সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। স্টিভেন রড্রিগেস বলেন, ‘আমরা এই কমিশনের অংশীদার হতে পেরে গর্বিত। নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনা পুরোপুরি নির্বাচন কমিশনই করেছে। তবে আমরা এবং আরও কয়েকটি দাতা সংস্থা সহায়তা করেছি।’

রড্রিগেস জানান, এই সহায়তার ক্ষেত্রে ইউএনডিপি জাতিসংঘের অন্যান্য সংস্থা—ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেসকোর সঙ্গে সমন্বয় করে কাজ করেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও সহায়তার বিষয়ে রড্রিগেস জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং নির্বাচনে ইউএনডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থা কীভাবে আরও সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে কখন এবং কোথায় সহায়তা নেয়া হবে, সে সিদ্ধান্ত কমিশন নেবে।

এএইচ