অজিদের হারিয়ে বিশ্ব ক্রিকেটকে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ— পেস বোলিং কোচ

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের | ছবি: এখন টিভি
0

ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে টাইগাররা। বিদেশের মাটিতে এই ঐতিহাসিক জয়ের পর পেস বোলিং ইউনিটকে কৃতিত্ব দিচ্ছেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, অজিদের হারিয়ে বিশ্ব ক্রিকেটকে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ।

শন টেইটের পদত্যাগের পর অনেকটা তড়িঘড়ি করেই বাংলাদেশ দলের বোলিং কোচ হন তালহা জুবায়ের। তবে অন্তবর্তী দায়িত্বে এসেই দেখালেন চমক। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয়ে বোলারদের গুরু হয়ে ছিলেন সাবেক এই ক্রিকেটার। দেশে ফিরেও টাইগারদের হাসিমুখের মধ্যমণি হয়ে ছিলেন তালহা জুবায়ের।

টাইগারদের বোলিং কোচের ভাষ্য, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে পেসারদের ভালো পারফর্ম করার বিকল্প নেই। নিজের শিষ্যদের এই ফর্ম আর আত্মবিশ্বাস বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন করে চেনাচ্ছে বলেও দাবি তালহার।

তিনি বলেন, ‘আপনারা এইটুকু অনুভব করতে পারেন যে, অস্ট্রেলিয়ায় তাদেরকে হারানো ছাড়াও বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো আমাদের নিয়ে কথা বলছে, আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। তাই এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আসলে।’

দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিলো অজি ভূমি থেকে সম্মান নিয়ে ফেরার। সেটা বেশ ভালোভাবেই অর্জন করেছে টাইগাররা। কোচ তালহা জুবায়ের বিশ্বাস করেন, দ্রুতই অস্ট্রেলিয়া আবার খেলতে ডাকবে বাংলাদেশকে।

তিনি আরও বলেন, ‘আমার তো মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই ডাকবে এবং আমাদের ডারউইন ম্যাকাইয়ে ডাকবে না; বরং আরও ভালো ভালো মাঠে আমরা খেলতে পারবো। ইনশাআল্লাহ।’

‘টেস্টটা জেতার পর আমরা যেখানেই গিয়েছি, প্রশংসা পেয়েছি। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের যারা পর্যটক ছিলেন, তারা আমাদের প্রশংসা করেছেন।’— যোগ করেন তিনি।

সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। সেখানে জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন হবে জোরালো। পেস বোলিং কোচ তালহা বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় অণুপ্রেরণা জোগাবে সেঞ্চুরিয়ন কিংবা জোহানেসবার্গে।

এসএইচ