বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শক্ত অবস্থানে বাংলাদেশ। ৫৫ দশমিক পাঁচ ছয় শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে টাইগাররা। লর্ডসের স্বপ্নের ফাইনালে জায়গা করে নিতে হলে ঘরের বাইরে আগামী সিরিজগুলোতে জয় পাওয়া শান্তদের জন্য অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ এই মিশনে এবার দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে খেলতে যাবে বাংলাদেশ দল।
টেস্টে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং উন্নতির কথা ভালো করেই জানা প্রোটিয়াদের। তাই ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সম্প্রতি নিজ দেশের গণমাধ্যমে কথা বলতে গিয়ে বাংলাদেশকে বেশ সমীহই করেছেন এই টপঅর্ডার ব্যাটার। বিশেষ করে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে আলাদা নজর বাভুমার।
আরও পড়ুন:
বাভুমা বলেন, ‘আমি অস্ট্রেলিয়া সিরিজ দেখেছি। আশা করেছিলাম অস্ট্রেলিয়া দারুণভাবে ফিরে আসবে। তবে এটা সত্যি, বাংলাদেশ দলের বোলিং আক্রমণ সত্যিই দারুণ মানসম্পন্ন। তাদের পেস এবং স্পিন দু’টি বিভাগই ঘরের মাঠে আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে এবং পুরোটা সময় তটস্থ রাখবে।’
এদিকে বাংলাদেশের জন্যেও দক্ষিণ আফ্রিকার মাটিতে এই দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের বাকি থাকা ৬ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট পেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ শতাংশ পয়েন্ট নিশ্চিত হবে বাংলাদেশের। তাতে উজ্জ্বল হবে ফাইনাল খেলার সম্ভাবনাও।
সেজন্য ঘরের মাঠে চার টেস্ট জিতলেই নির্ভার বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকায় অন্তত এক ম্যাচ জিতলেই টাইগারদের পয়েন্ট শতাংশ হবে ৬৯ দশমিক ৪৪। ওভালের ফাইনালে বাংলাদেশের খেলা তখন নিশ্চিত।
সবমিলিয়ে শুরুর আগেই বেশ কিছুটা উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজটি।




