লম্বা সময়ে ধরে কোর্টে নেই খেলা। ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ঘরোয়া কোনো খেলা নেই কাবাডি ফেডারেশনে। তবে, এবারে কোর্টে ফিরছে খেলা। সবশেষ প্রাপ্ত খবর বলছে, আগামী সেপ্টেম্বর মাসেই দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ আয়োজন করতে আগ্রহী কাবাডি ফেডারেশন। সেইসঙ্গে আছে কমিউনিটি কাবাডি আয়োজনের পরিকল্পনা।
কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য এম এ হাফিজ এখন টিভিকে জানিয়েছেন, খুব শীঘ্রই কোর্টে খেলা ফেরাতে কাজ করছে বর্তমান কমিটি।
আরও পড়ুন
কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য এম এ হাফিজ বলেন, ‘আমরা এর মধ্যে সেকেন্ড বিভাগ কাবাডি লীগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। গোটা বাংলাদেশে যারা অংশগ্রহণ করতে চায়, তারাই অংশগ্রহণ করতে পারবে। এবং এটা বিশাল একটা আয়োজন হবে। সেপ্টেম্বর থেকেই কমিউনিটি কাবাডি লীগ শুরু করছি। এগুলো হচ্ছে আমাদের পাইলট প্রোগ্রাম। পরবর্তীতে আমরা বিশাল আকারে ৬৪ জেলা নিয়ে, ইউনিয়ন নিয়ে, উপজেলা নিয়ে, থানা নিয়ে আমরা কাজ করব।’
তবে, মাঠে খেলা ফেরালেও নির্বাচন নিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে ফেডারেশনের দায়িত্বপ্রাপ্তদের। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচনের কথা থাকলেও সেটি নভেম্বরে পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ফেডারেশনের এ কর্মকর্তা।
এম এ হাফিজ বলেন, ‘বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলছি। উনারা বলছেন যে, যেসব জেলা ক্রীড়া সংস্থা কমিটি হয়ে গেছে তারা দুই-এক এর মধ্যেই তাদের কাউন্সিলরের নাম পাঠাবেন। আর যেগুলো হয়নি তারাও পাঠাবেন, অক্টোবরে ওরা নাম পাঠাবে। আমার ধারণা নভেম্বরের মধ্যেই আমরা নির্বাচন দিতে পারব।’
প্রায় তিন বছর ধরে অ্যাড-হক কমিটি দিয়ে চলছে কাবাডি ফেডারেশন। তাতে থমকে আছে ঘরোয়া কাবাডিও। নভেম্বরের নির্বাচন ফেডারেশনের সব অচলাবস্থার শেষ করবে এমনটাই প্রত্যাশা করেন এম এ হাফিজ।





