রূপগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

র‍্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
র‍্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আজ (শুক্রবার, ২৮ আগস্ট) দুপুরে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১১, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি পরিত্যক্ত ভবনে মাদকের স্পট হিসেবে ব্যবহৃত স্থানে কয়েকজন ব্যক্তির উপস্থিতি ছিল।

আরও পড়ুন:

র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এসএস