আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল এবং এক কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনী ও একটি কাভার্ড ভ্যান।
আরও পড়ুন:
পুলিশ সুপার জানান, র্যাব, এপিবিএন ও আরআরএফ-এর যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহজুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে চাঞ্চল্যকর যুবক হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ক্লুলেস রহস্য উদঘাটন করা হয়। ওই ঘটনায় নিহত যুবকের পিতা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তারসহ হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া শিবপুরের দক্ষিণ কারারচরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
অভিযানকালে পুলিশ জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করে। এসময় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা দায়ের, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সপ্তাহব্যাপী এই অভিযানে পুলিশ মোট ৩০৫টি আদালতের ওয়ারেন্ট নিষ্পত্তি ও ৮৮টি নতুন মামলা দায়ের করেছে।
জেলাকে অপরাধ মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত করা হবে বলে জানান নরসিংদীর পুলিশ সুপার।





