মোটরসাইকেলের সাইলেন্সরের বিকট শব্দ, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা

কিশোরকে জরিমানা করছেন ট্রাফিক সার্জেন্ট
কিশোরকে জরিমানা করছেন ট্রাফিক সার্জেন্ট | ছবি: এখন টিভি
0

মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে আতঙ্ক সৃষ্টির অপরাধে নওগাঁয় সাকলাইন মোস্তাক রাতুল নামে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে তাকে আটক করা হয়। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা সপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

স্থানীয়রা জানান, ওই কিশোর গত কয়েকদিন থেকে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিল। এতে পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি ধরে ট্রাফিক পুলিশকে সংবাদ দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মোটরসাইকেলটি মামলা দেয়াসহ জব্দ করে।

ওই কিশোরের মা বলেন, ‘ছেলে বাবা-মার কথা মানতে চায় না। তার সঙ্গে আমরা পেরে উঠতে পারছি না। একপ্রকার জোর করেই মোটরসাইকেলটি কিনতে আমাদেরকে বাধ্য করেছে। ছেলে অনলাইনে টুকটাক কাজ করে আয় করে। তার নিজের কিছু টাকা আছে। ওই টাকা দিয়ে মোটরসাইকেলের এসব পরিবর্তন করেছে। বলা যায় তার কাছে অনেকটা অসহায়।’

আরও পড়ুন:

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, ‘মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে। সড়ক পরিবহন আইন অনুযায়ী যা আইনবিরোধী। ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করায় তার বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে সাইলেন্সটি খুলে নেয়া হবে যা অফেরতযোগ্য।’

এর আগে গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৫টায় শহরের কেডির মোড়ে বেপরোয়া দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক হিসাবরক্ষক আব্দুস সাত্তার (৬৫) মারা যান।

এসএস