শেষ মুহূর্তে দলবদলে বার্সেলোনার ‘হন্তদন্ত’

এফসি বার্সেলোনার লোগো
এফসি বার্সেলোনার লোগো | ছবি: এখন টিভি
0

ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে ব্যস্ত বার্সেলোনা। হুলিয়ান আলভারেজ, রদ্রি ও ক্যানসেলোকে নিয়ে পরিকল্পনার পাশাপাশি এবার রক্ষণভাগ শক্ত করতে চান স্পোর্টিং ডিরেক্টর ডেকো। নতুন সেন্টার-ব্যাক হিসেবে আলোচনায় এসেছে আয়মেরিক লাপোর্তে ও কাস্তেয়ো লুকেবার নাম।

নতুন মৌসুমের জন্য দল গোছাতে বেশ আঁটঘাট বেধে নেমেছে বার্সেলোনা। ক্রমেই দলবদলের সময় কমে আসায় পছন্দের খেলোয়াড়দের পেতে নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কাতালান ক্লাবটি। অর্থসংকটে না পড়তে একাধিক খেলোয়াড়কে বিক্রি করে স্যালারি ক্যাপ ফাঁকা করতে চায় বার্সা।

আক্রমণভাগে বার্সার প্রথম পছন্দ হুলিয়ান আলভারেজ হলেও অ্যাথলেতিকো মাদ্রিদের একগুয়েমিতে ক্রমেই সেই সম্ভাবনা ধূসর হওয়ার পথে। মিডফিল্ডার রদ্রিকে নিয়েও নেই সুখবর। এ অবস্থায় ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকোর নজর এখন সেন্টার-ব্যাক পজিশনে।

আরও পড়ুন:

গ্রীষ্মের শুরুতেই এই জায়গায় আলেসান্দ্রো বাস্তোনিকে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু খেলোয়াড়ের মূল্য এবং আরও কিছু বিষয়ে সমঝোতা না হওয়ায় সেই আলোচনা ভেস্তে যায়। রোনাল্ড আরাউহোর বিদায়ের পর আবারও সেন্টার-ব্যাকের প্রয়োজনীয়তা সামনে এসেছে। কুবার্সি, জেরার্ড মার্টিন, ক্রিস্টেনসেন ও এরিক গার্সিয়া থাকলেও অভিজ্ঞ একজন ডিফেন্ডার চায় ক্লাবটি।

এই তালিকায় এখন সবচেয়ে আলোচিত নাম আয়মেরিক লাপোর্তে। বাঁ-পায়ের এই অভিজ্ঞ ডিফেন্ডার বার্সেলোনার চাহিদার সঙ্গে বেশ ভালোভাবেই মিলে যান। কুবার্সির সঙ্গে স্পেনের হয়ে বিশ্বকাপে খেলেছেন লাপোর্তে। তবে এক্ষেত্রে বড় বাধা লাপোর্তের ক্লাব অ্যাথলেটিক বিলবাও। বাস্ক ক্লাবটি লাপোর্তের বিষয়ে আলোচনায় বসার কোনো আগ্রহ দেখাচ্ছে না।

বিকল্প হিসেবে বার্সেলোনার নজরে রয়েছেন কাস্তেয়ো লুকেবা। আরবি লাইপজিগের এই ফরাসি ডিফেন্ডারকে দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছে বার্সার স্কাউটরা। তবে তাকে পেতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে বার্সেলোনাকে। আর তাই ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে ডেকো সেন্টার ব্যাক হিসেবে কাকে নিয়ে আসেন, সেদিকেই চোখ বার্সা ভক্তদের।

এসএইচ