চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০

সংঘর্ষের প্রতীকী ছবি
সংঘর্ষের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’টি ককটেল বিস্ফোরণ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিনোদপুর খাসেরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, গত বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ বাজারে ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই খেলোয়াড়ের ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে এরাদতটোলা বাজারে এক যুবককে মারধর করা হয়।

আরও পড়ুন:

পরে সন্ধ্যায় চাঁদশিকারি গ্রামের সঙ্গে এরাদতটোলা ও পাঁকাটোলা গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে মো. কাওসার ও মো. নাঈম শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ