তাইজে হুতিদের হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনি বাহিনীর

লোহিত সাগরের বন্দরনগর আল-মাখায় বারবার হামলা চালিয়েছে হুতিরা
লোহিত সাগরের বন্দরনগর আল-মাখায় বারবার হামলা চালিয়েছে হুতিরা | ছবি: রয়টার্স
0

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। কয়েকটি প্রদেশে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যে বৃহস্পতিবার আল-মাফালিস ফ্রন্টে এই হামলার ঘটনা ঘটে।

সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তোর আল-বাহাহ সামরিক অক্ষের এক কর্মকর্তা জানান, সেনাবাহিনীর চতুর্থ পদাতিক হাশদ ব্রিগেড হাইফানের দক্ষিণে আল-মাফালিস ফ্রন্টে হুতিদের অবস্থানে চালানো হামলা প্রতিহত করেছে। এতে হুতিদের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি করেন তিনি। ওই কর্মকর্তা বলেন, তোর আল-বাহাহ এলাকায় যৌথ সামরিক ও নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হুতিদের হামলা প্রতিহত ও ব্যর্থ করা। বিদ্রোহী গোষ্ঠীটি পরাজয় ও পতনের মুখে পড়বে বলেও দাবি করেন তিনি।

সরকারি বাহিনীর মুখপাত্র ওয়াদ্দাহ আল-দুবাইশ জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-মাখা এলাকায় আকাশে হুতিদের গোয়েন্দা ড্রোনের বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সামরিক উত্তেজনা বাড়ছে

এর আগে বুধবার ইয়েমেন সরকার জানায়, কয়েকটি প্রদেশে হুতিদের অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে কামান ও ড্রোন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, আদ-দালেয়া প্রদেশের উত্তরাঞ্চলে আল-ফাখির বাজারের কাছে হুতিদের সমাবেশ ও রসদ সরবরাহকারী দলের ওপর সরকারি বাহিনীর কামান হামলায় কয়েকজন হুতি যোদ্ধা নিহত ও আহত হয়েছেন।

জার্মান বার্তা সংস্থা ডিপিএকে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী ফাইয়াদ আল-নুমান বলেন, বুধবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের অবস্থানে ভারী কামান ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি বলেন, ‘এখন থেকে হুতি মিলিশিয়াদের কোনো কর্মকাণ্ডের জবাব বা প্রতিরোধ ছাড়া ছেড়ে দেয়া হবে না।’ তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটায় এমন নতুন কোনো যুদ্ধবিরতির পক্ষে সরকার নেই। রাষ্ট্রের একক কর্তৃত্বে অস্ত্র ও সার্বভৌমত্ব থাকা নিশ্চিত করে স্থায়ী ও টেকসই শান্তির পক্ষে সরকার।

আল-আলিমি বলেন, অস্ত্র সমর্পণ করে এমন একটি দেশ গঠনে অংশ নেয়ার সুযোগ এখনো রয়েছে, যেখানে সবাইকে জায়গা দেয়া সম্ভব। ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তুলনামূলকভাবে সংঘাত কম ছিল। তবে জুলাইয়ের শুরুতে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ আবার শুরু হয়। এতে কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন।

এএম