শুধু আইন দিয়ে দুর্নীতি ও অপরাধ বন্ধ সম্ভব নয়: ফয়জুল করীম

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম | ছবি: এখন টিভি
0

শুধু আইন দিয়ে দুর্নীতি, অপরাধ, মদ-গাঁজা বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় ফয়জুল করীম বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মানুষ আদর্শবান ও নীতিবান না হবে, ততক্ষণ কেবল আইন দিয়ে অপরাধ রোখা সম্ভব নয়। বিগত আওয়ামী সরকারের আমলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই পাচারকারীদের মধ্যে কোনো রিকশাচালক, কৃষক, দিনমজুর বা অশিক্ষিত মানুষ নেই। সব তথাকথিত উচ্চশিক্ষিত মানুষই দেশের অর্থপাচার করেছে। কারণ তাদের মধ্যে নৈতিকতা ও আল্লাহর ভয় ছিল না।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন সরকারের এতদিনেও ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘ইসলামী সমাজব্যবস্থায় ধর্ম বর্ণ বা পেশার কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—দেশের সব নাগরিকের সমান অধিকার থাকবে। কোনো নেতার ছেলে বা মন্ত্রীর ছেলে অন্যায় করলে তারও সাজা হতে হবে, আর শত্রু হলেও নিরপরাধ মানুষ ন্যায়বিচার পাবে। কিন্তু বর্তমানে দল করলে যত অন্যায় করুক সব মাফ। এটা ইসলাম হতে পারে না।’

ফয়জুল করীম বলেন, ‘পাশের দেশ এই দেশকে নিয়ে নানামুখী চক্রান্ত করছে। তবে পঞ্চগড়ের মানুষ তথা পুরো দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে এবং আল্লাহু আকবরের ধ্বনিতে গর্জে উঠলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও এ দেশের এক ইঞ্চি মাটি কেউ দখল করতে পারবে না।’

এসময় অন্যদের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, দলটির পঞ্চগড়ের সভাপতি শাহপরান সুজন, ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস