বাবার মৃত্যুতে অনির্দিষ্টকালের ছুটিতে মেসি

অশ্রুসিক্ত লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি নিলেন লিওনেল মেসি। বাবার মৃত্যুতে মানসিক ভাবে বিধ্বস্ত মেসি আপাতত ফুটবল থেকে দূরে থাকবেন। ক্লাব মায়ামি ছুটি মঞ্জুর করেছে বলে আর্জেন্টিনা বিভিন্ন গণমাধ্যমের খবর। তবে ঠিক কত দিন বিশ্রাম থাকবেন লিও সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি ক্লাব কর্তৃপক্ষ।

মাঠের সবুজ ক্যানভাসে দুর্দান্ত পারফরম্যান্সে যিনি কোটি মানুষকে ভাসান আনন্দে, দলের জয়ে রাখেন অগ্রণী ভূমিকা সেই ফুটবল জাদুকর মেসি নিজেই এখন স্তব্ধ। বাবা হোর্হে মেসির প্রয়াণে মাঠে নামার শক্তিই যেন হারিয়ে ফেলেছেন। আর তাইতো অনির্দিষ্টকালের জন্য নিজ ক্লাব ইন্টার মায়ামির কাছে ছুটি চেয়েছেন লিও।

আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমগুলার খবর, আপাতত ফুটবল থেকে ছুটি নিয়েছেন মেসি। আর জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, মেসি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে কিছু বলেননি । এমনকি মেসি অবসর নিয়ে ফেলবেন কিনা সেই প্রশ্নও তুলেছেন তারা।

ক্লাবের পাশাপাশি মেসির এই কঠিন এই সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন দলের সতীর্থ এবং কোচ। মায়ামির ডিফেন্ডার ফাকুন্দো বলেন, মেসির বাবার মৃত্যুতে মায়ামির ড্রেসিংরুমেও শোকের আবহ।

আরও পড়ুন:

ইন্টার ডিফেন্ডার ফাকুন্দো মুরা বলেন, ‘যা হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দূর থেকেই আমরা লিওর পাশে আছি। যখনই সে ফিরে আসার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে সমর্থন জানাব। এবং সামনের দিনগুলোতে আমরা তার পাশে আছি।’

ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেন, ‘এটি খুব কঠিন। অনেক সময় এমন পরিস্থিতিতে বলার মতো কোনো শব্দই থাকে না। এত কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে নিজেকে সামলে ওঠা কঠিন হয়ে পড়ে। তবে জীবনে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি আমাদের সবাইকেই হতে হয়। ব্যথাটা এত তীব্র যে কোনোভাবেই এর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া যায় না।’

যার হাত ধরে ফুটবলে যাত্রা শুরু করে আজ মহাতারকা বনেছেন লিও, সেই বাবার মৃত্যুতে কোনোভাবেই নিজেকে সামলে উঠতে পারছেন না তিনি। যে কারণে লিগস কাপের আগামীকাল ম্যাচে খেলবেন না মেসি। এমনকি চলতি মাসে মেজর লিগ সকারে চার ম্যাচসহ মোট ১৭ টি ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। তবে খুব শিগগিরই যে আর্জেন্টাইন এই মহাতারকাকে দেখা যাবেনা এটা অনেকটা নিশ্চিত।

এফএস