বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন

চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন দল
চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন দল | ছবি: আইএসপিআর
0

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

আজ (শুক্রবার, ৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, খেলোয়াড়রা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ