রাজধানীতে সবজির দাম কমলেও বাড়তি ডিম-মুরগি ও মাছের বাজার

সবজি, মাছ ও মুরগির বাজার
সবজি, মাছ ও মুরগির বাজার | ছবি : সংগৃহীত
0

কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচাবাজারে। গত সপ্তাহের চেয়ে বেগুন, পটল, ঢ্যাঁড়শ, করলাসহ প্রায় প্রতিটি সবজির দাম কমেছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা করে। তবে কাঁচা মরিচের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাহিরে। এদিকে, পরিবহন খরচ বাড়ার অজুহাতে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাড়তি বয়লার মুরগী ও মাছের বাজার।

গত সপ্তাহের চেয়ে সবজির বাজারে দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। এ সপ্তাহে স্বল্প বৃষ্টিপাতে সরবরাহ বেড়েছে রাজধানীর বাজারগুলোতে।

টানা বর্ষণে গেল সপ্তাহে হঠাৎ করে কাঁচা মরিচের ঝাল বেড়ে যায়। কেজিপ্রতি ৪০০ ছুঁইছুঁই কাঁচা মরিচ এই সপ্তাহে বাজারে মিলছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। গত সপ্তাহে যে গোল বেগুনের দাম ছিলো ১০০ থেকে ১২০ টাকা। এ সপ্তাহে নেমেছে ৮০ টাকায়। লম্বা বেগুন আগের চেয়ে মিলছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমে।

দরপতনের তালিকায় থাকা করলা মিলছে ৬০ থেকে ৭০, বরবটি ৫০ থেকে ৬০ , কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকায়। ধুন্দুল, ঝিঙে ও চিচিঙ্গা তিনটিরই দাম গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৮০ টাকা, এখন নেমেছে ৪০ থেকে ৬০ টাকার ঘরে।

আরও পড়ুন:

ক্রেতারা জানান, গত সপ্তাহের থেকে সবজির দাম তুলনামূলক কম। গত সপ্তাহে মরিচের দাম অনেক বেশি ছিলো। এ সপ্তাহে তা অর্ধেকে নেমে এসেছে।

পোলাও চাল, বোতলজাত সরিষার তেলের দাম কিছুটা বাড়তি। স্থিতিশীল মশলার দাম। বিক্রেতারা জানান, মশলার দাম আগের মতোই রয়েছে। তেলের দাম কিছুটা বেড়েছে।

গত সপ্তাহের মতোই বাড়তি মাছের বাজার। প্রায় সব মাছেই কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা বাড়তি। কেজি প্রতি ২০ টাকা বেড়েছে বয়লার মুরগীর দাম।প্রকারভেদে কিছুটা বেড়েছে সোনালী মুরগীর দামও।গরু-খাসি মাংসের দাম রয়েছে আগের মতোই। লাল ডিম ডজন প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা করে।

গত সপ্তাহের চেয়ে প্রতিটি সবজির দাম কিছুটা কমলেও কিছুটা অস্থিরতা রয়েছে আমিষের বাজারে। ক্রেতাদের প্রত্যাশা, বাজার মনিটরিংয়ে জোর দিলে বাড়িতে দাম নেয়ার প্রবণতা নিয়ন্ত্রণ সম্ভব।

এফএস