বিশ্বকাপের মালিকানায় অংশীদারত্ব বিক্রির প্রস্তাবনা নিয়ে পুরো বিশ্বের কাছেই খলনায়ক বনে গেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অবশ্য তিন মহাদেশীয় সংস্থা উয়েফা, এএফসি এবং কনকাকাফের বিদ্রোহের মুখে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ফিফা বস।
তবে এরইমাঝে ফুটবল ইতালিয়া হাজির করেছে নতুন এক খবর। তাদের দাবি, জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফার ভেতরেই বিদ্রোহের ডাক এসেছে। সম্প্রতি ফিফার এই প্রকল্প নিয়ে সরাসরি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করেছিলেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লেমোর।
আরও পড়ুন:
পুরো বিষয়টিকে এক ব্যক্তির সিদ্ধান্ত উল্লেখ করে তিনি ইনফান্তিনোকে এই পদ থেকে সরিয়ে দেয়ার কথাও তুলেছেন। লেমোর অবশ্য সিওও হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন, তবে এটিকে ফিফার ভেতরেই চাপা উত্তেজনা হিসেবে দেখছে, খেলাধুলার জগতে সুপরিচিত অনলাইন ‘ফুটবল ইতালিয়া’।
এরইমাঝে ফিফার প্রেসিডেন্ট পদের জন্য ইনফান্তির বিপক্ষে প্রচারণা শুরু করেছেন তারই একসময়ের ঘনিষ্ঠ ভিক্টর মন্টাগ্লিয়ানি। কানাডার ফুটবল প্রধান এতদিন পর্যন্ত ইনফান্তিনোকে সবচেয়ে কাছের সহ-সভাপতি হিসেবে ভাবা হয়। তবে এবার তিনিই নেমে পড়ছেন ফিফা থেকে ইনফান্তিনোকে হঠাতে।
অবশ্য ফিফার চেয়ার থেকে ইনফান্তিনোকে টেনে নামাতে কাজ করছেন আরও অনেকেই। উয়েফা এরইমাঝে তাদের পছন্দ হিসেবে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফিকে সামনে নিয়ে এসেছে।
সেই সঙ্গে ফিফার বর্তমান সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্টর্মও আছেন তালিকায়। এদের প্রত্যেকেই ২০২৭ নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে মাঠে নামতে পারেন। ফিফার প্রধান হিসেবে ইনফান্তিনোর সামনের সময়টা তাই কিছুটা কঠিনই হতে পারে।





