আজ (শুক্রবার, ৩১ জুলাই) সকালে মধ্য বাড্ডায় নিহত পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের বাসায় যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক অনুদান ও এক বছরের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সড়কে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বিআরটিএর সঙ্গে আলোচনা করে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত নগরবাসীর সেবায় নিয়োজিত থাকেন, তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডিএনসিসির কোনো যানবাহন অদক্ষ চালক বা হেল্পার চালাচ্ছেন এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে তার জানা মতে, বর্তমানে ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক পরিচালনা করছেন না।




