দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের উত্তাপে পুড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে ‘মহা মিছিল’ শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মোদি ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা।
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে গান লিখেছেন কলকাতার জনপ্রিয় ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম। ফেসবুকে পোস্ট আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন এই ইউথ আইকন।
যদিও ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সরকারবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিচ্ছে রাজ্যের বিজেপি নেতারা। ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন অতীতেও ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা হয়েছে। তবে এবারও তা রুখে দেয়া হবে।
আরও পড়ুন:
ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘এরা অনেক চেষ্টা করেছে, পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার। কিন্তু সফল হয়নি, এবারও হবে না। কিষান আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই উসিলবরা যারা কিসান আন্দোলনও করে, তারা ছাত্র আন্দোলনও করে।’
এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্র ও চন্ডিগড়ে। মহারাষ্ট্রের আহিল্যানগরে মৌন আন্দোলনে বসেছেন আন্না হাজারে। যোগ দিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরাও।
আন্দোলনের রেশ ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনে। বারবার মুলতবি হয়েছে অধিবেশন। রাজ্যসভা ও লোকসভা দু’কক্ষেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি স্লোগান দেন সরকার ও বিরোধীপক্ষের সাংসদরা।
এছাড়া নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের শ্রদ্ধা জানাতে গান্ধী স্মৃতি ভবনে বিশেষ কর্মসূচি পালন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের সংসদ সদস্যরা।




