ভারী বৃষ্টিতে বন্ধ জম্মু-শ্রীনগর মহাসড়ক, উত্তর-পূর্বাঞ্চলে নিহত বেড়ে ৪১

ভারতের পাঞ্জাব প্রদেশে বন্যা
ভারতের পাঞ্জাব প্রদেশে বন্যা | ছবি: সংগৃহীত
0

ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং হিমালয় থেকে কঙ্কন উপকূলীয় অঞ্চলে বর্ষার তীব্রতা বেড়েই চলছে। একটানা প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত আসামে একদিনেই মারা গেছেন অন্তত ১০ জন। এ নিয়ে গেল কয়েকদিনে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। অন্যদিকে, অব্যাহত ভারী বৃষ্টিতে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর মহাসড়ক। কাশ্মীরে টানা পাঁচ দিনের বৃষ্টিতে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধস রূপ নিয়েছে প্রাণঘাতীতে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টি-বন্যায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ভয়াবহ এই বন্যায় এখনও নিখোঁজ শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ লাখ বাসিন্দা।

অব্যাহত বৃষ্টির কারণে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক। এদিকে, পুঞ্চ ও রাজৌরির বন্যা ও ভূমিধস-বিধ্বস্ত এলাকাগুলোতে হতাহত হয়েছেন অনেকেই। নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারী দলগুলো। অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং জলাবদ্ধতার ফলে বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ, নদ-নদীর পানিও বিপজ্জনক মাত্রায় বেড়েছে।

স্থানীয়রা জানান, সবকিছু ভেসে গেছে, এখানে একজন নারী থাকতেন। সে জলের স্রোতে ভেসে গেছে। বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, সুরক্ষা এবং ক্ষতিপূরণ আবেদন জানাচ্ছি।

এদিকে, ভারতে আবহাওয়া অধিদপ্তর-আইএমডি জানিয়েছে, অন্তত আরও এক সপ্তাহ ভারতের বেশিরভাগ অংশে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। পালঘর, নাসিকের ঘাট এবং পুনের ঘাটকে রেড অ্যালার্টের আওতায় এনেছ আইএমডি।

এদিকে, একটানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যও। বাকহ্যানন শহরে বন্যার পানিতে রাস্তাঘাট ও এলাকা ছাড়ার পথ ভেসে যাওয়ায় বাসিন্দাদের সরিয়ে নিতে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়ার ৫৫টি কাউন্টিতেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর প্যাট্রিক মরিসি।

এদিকে, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও অব্যাহত রয়েছে বৈরী আবহাওয়া। এরইমধ্যে চিলির উত্তরাঞ্চল এবং ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে বন্যা ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

ইএ