পাঁচ তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে ময়লা আবর্জনার স্তূপ। চুরি হয়ে যাচ্ছে আসবাপত্র, টিভি ও পানির ট্যাপসহ গুরুত্বপূর্ণ সামগ্রী। আবার সেখানে বসছে মাদকের আড্ডা। ব্যবহার না হওয়াই দিন দিন নষ্ট হচ্ছে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘হাসপাতালটা উদ্বোধন হয়েছে, কিন্তু কার্যক্রম এখনো চালু হয়নি। সবকিছু চুরি হয়ে যাচ্ছে, জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে।’
অন্য একজন বলেন, ‘হাসপাতাল দেখলে তো মাথা খারাপ! এত সুন্দর চেহারা, পাশে তো শাহজাহান জেলখানার মতো। হ্যাঁ, অথচ তো চিকিৎসা নেই এখানে।’
আরও পড়ুন:
উদ্বোধনের তিন বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি। ২০২৩ সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয়। পুরাতন ভবনে নানা সংকটের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে রোগীরা। রয়েছে চিকিৎসকসহ জনবল সংকট।
রোগীদের মধ্যে একজন বলেন, ‘কোনো প্রবলেম হলে নার্সদের ডাকলেও তারা ঠিক টাইম মতো আসে না।’
অন্য একজন বলেন, ‘যেকোনো ধরনের কথা বললেই, “আমাদের এখানে চিকিৎসা নেই, ঐ যশোর যাও”।’
আরও পড়ুন:
স্বাস্থ্য বিভাগ বলছে কিছু ত্রুটির কারণে ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে এ নিয়ে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।
ঝিনাইদহের সিভিল সার্জন মো. কামরুজ্জামান বলেন, ‘কিছু অবকাঠামো ত্রুটির কারণে আমরা ওইটা আসলে লিফট বা অন্যান্য জিনিসপত্রগুলোর কারণে, বেড-মেডের কারণে আমরা মোটামুটি ওখানে রোগী শিফট হতে পারিনি।’
প্রতিদিন এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন ৬০০ থেকে এক হাজার রোগী। কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে দ্রুত এই আধুনিক ভবনটি চালু করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে- এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।



