ইরানের কিশ ও কেশম দ্বীপে বিস্ফোরণ; সতর্ক অবস্থানে কুয়েত সেনাবাহিনী

খার্গ দ্বীপ, যার মধ্য দিয়ে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।
খার্গ দ্বীপ, যার মধ্য দিয়ে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়। | ছবি: সংগৃহীত
0

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কিশ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কিশ দ্বীপের একটি পানি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল বা গোলার বিস্ফোরণ ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অন্যদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের কারণ বা উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, তারা দেশটির আকাশসীমায় ‘শত্রুভাবাপন্ন’ লক্ষ্যবস্তু শনাক্ত করে সেগুলোর মোকাবিলা করছে। কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ মূলত আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুভাবাপন্ন আক্রমণ প্রতিহত করার ফলাফল।’ তবে এসব হামলার উৎস বা সঠিক অবস্থান সম্পর্কে কুয়েত সেনাবাহিনী বিস্তারিত কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তজনা এবং হরমুজ প্রণালি ঘিরে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটলো।

এএম