রো খান্না লিখেছেন, ‘যখন ইসরাইলি সেনাবাহিনী সেখানে পৌঁছালো, তারা আমাদের মুক্ত করার বদলে উল্টো বসতি স্থাপনকারীদের পক্ষ নিলো এবং আমাদের আটকে রাখা অব্যাহত রাখলো।’ এই অভিজ্ঞতার বিষয়ে তিনি খুব শিগগির বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেছেন।
অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন নতুন করে আলোচনায় এসেছে। গত প্রায় তিন বছর ধরে গাজায় চলা যুদ্ধের মধ্যে এই সহিংসতা আরও বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরাইলি সরকারের মদতে বসতি স্থাপনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরাইলের বিরুদ্ধে পশ্চিম তীরে রাষ্ট্রীয় মদতে জাতিগত নিধন চালানোর অভিযোগ করেছে। গত মাসে বেশ কয়েকটি পশ্চিমা দেশ এই সহিংসতার সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী রো খান্না হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলিরা একটি ‘বিশাল ভুল’ করেছে। রয়টার্সকে তিনি বলেন, ‘মেশিনগানধারী গুন্ডারা’ তাদের রাস্তা আটকে দিয়েছিল। এরপর তারা ইসরাইলি সেনাবাহিনীকে ডাকলে সেনারা এসে তাদেরই পক্ষ নেয়। তিনি আরও জানান, ওই বসতি স্থাপনকারীদের হাতে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাসল্ট রাইফেল ছিল।
ডিআরএম নিউজকে দেয়া সাক্ষাৎকারে রো খান্না বলেন, ‘পশ্চিম তীরে এই অভিজ্ঞতার মাধ্যমেই তিনি প্রথমবার নিজের গায়ের রঙের (বাদামি) বিষয়ে তীব্রভাবে সচেতন হয়েছেন।’ তিনি বলেন, ‘আমি সেই ২১-২২ বছরের সশস্ত্র বসতি স্থাপনকারীদের চোখে অহংকার দেখেছি। তারা আমাদের আটকে রেখে হাসাহাসি করছিল। আমার করের টাকায় চলা বাহিনীর তরুণ সেনাদের এই অহংকার দেখে আমি অবাক, যারা মার্কিন নাগরিকদের আটকে রাখার বিষয়ে বিন্দুমাত্র সম্মান দেখায়নি।’
রো খান্নার সহকারী ক্যামেরন কাস্কি জানান, তাদের এক ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়েছিল এবং তারা জেরুসালেমে মার্কিন দূতাবাসের সাহায্য চেয়েছিলেন। শেষ পর্যন্ত পুলিশ পরিচয়ধারী কর্মকর্তারা এসে হস্তক্ষেপ করলে তারা মুক্তি পান।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, খিরবেত জানুতার কাছে বসতি স্থাপনকারীরা গাড়ি আটকে রেখেছে। এমন খবর পেয়ে সেনা ও পুলিশ সেখানে হস্তক্ষেপ করেছিল। খিরবেত জানুতা এমন একটি ফিলিস্তিনি গ্রাম, যেখানকার বাসিন্দারা ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর বসতি স্থাপনকারীদের হামলার মুখে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছিল।
যুক্তরাষ্ট্রে ইসরাইল দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সমর্থন পেলেও সাম্প্রতিক মাসগুলোতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের পক্ষ থেকেই ইসরাইলে সামরিক সহায়তা বন্ধের দাবি জোরালো হচ্ছে। রো খান্না ও রিপাবলিকান থমাস ম্যাসি ইসরাইলে মার্কিন সামরিক অর্থায়ন বন্ধের জন্য একটি বিল প্রস্তাব করেছেন, যা নিয়ে বর্তমানে কংগ্রেসে আলোচনা চলছে।





